বর্ণিকে বুদ্ধদেব স্মরণ : সুখেন দাস
বর্ণিকে বুদ্ধদেব স্মরণ
সুখেন দাস
বর্ণিকে’র শারদ সংখ্যার রেশ কাটিয়ে উঠতে পারেনি পাঠক মহল অথচ নির্দিষ্ট সময়েই প্রকাশিত হল পরবর্তী চমক। বুদ্ধদেব গুহকে স্মরণে রেখে প্রকাশ পেল- ‘বর্ণিক', দ্বিতীয় বর্ষ, নবম সংখ্যা, ২০২১, ৩০ সেপ্টেম্বর। বর্ণিকে’র প্রতিটি সংখ্যারই বিশেষ গুরুত্ব আছে তথাপি এই সংখ্যার এক আলাদা গুরুত্ব আছে। বুদ্ধদেব গুহকে নিয়ে বর্ণিকে'র স্মরণ সংখ্যাটি বুদ্ধদেবকে নিয়ে সাহিত্যিক মূল্যায়নে ভবিষ্যতের দলিল হিসেবে বিবেচিত হবে। অধ্যাপক তরুণ মুখোপাধ্যায়কে লেখা বুদ্ধদেব গুহর অপ্রকাশিত চিঠিগুলোর পাঠোদ্ধার দুরূহ হলেও চিঠিগুলোর সন্ধান দিতে বর্ণিকে’র সাফল্য ও গুরুত্ব যথেষ্ট তাৎপর্যময়। স্বয়ং পত্রিকার সম্পাদক (ইউসুফ) ছাড়াও বহু বিশিষ্ট পণ্ডিতেরা বুদ্ধদেবকে নিয়ে আলোকপাত করেছেন। প্রত্যেকের লেখায় বুদ্ধদেব গুহর বিচিত্র দিক উন্মোচিত হয়েছে।
এই সংখ্যার সাধারণ বিভাগও এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছে পত্রিকাটিকে। গল্প, কবিতা, প্রবন্ধ ছাড়াও রয়েছে মুক্তগদ্য, রম্য রচনা, ছড়া প্রভৃতি। অনির্বাণ মুখোপাধ্যায়ের রম্য রচনা ‘সাঁতরাগাছির সন্ধানে' এবং পারিজাত ব্যানার্জীর 'পুজোকথা' উল্লেখযোগ্য। নিরঞ্জন মন্ডলের সুন্দরবনের কথ্য ভাষায় 'ছিরে মোড়লের চাষবাস’ নামে একটি গল্প প্রকাশিত হয়েছে। এত মধুর ভাষা ও হৃদয়স্পর্শী কাহিনী শুধুই আর সুন্দরবনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, তা যেন প্রতিটি পাঠকের হৃদয়ের গল্প ও ভাষা হয়ে ওঠে। এই সংখ্যার ছড়া'র কথা উল্লেখ না করলে নিজেকে পত্রিকার পাঠক বলে দাবি করতে দ্বিধা হবে। প্রতিটি ছড়াই এই সংখ্যাটিকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তুলেছে। আমি ব্যক্তিগতভাবে আশাবাদী সম্পাদক পরবর্তী সংখ্যাগুলোতেও এমন অনেক ছড়াকে স্থান করে দেবেন।
Comments
Post a Comment