অভিনব মনের সাহিত্য সমন্বয় উৎসব
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১২ মে, ২০২২: অভিনব মন প্রাইভেট লিমিটেডের উদ্যোগে কলকাতার আস্থা কমিউনিটি হলে ৭ মে শনিবার অনুষ্ঠিত হল সাহিত্য সমন্বয় উৎসব ২০২২। বিশিষ্ট হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক অমর মিত্র, বিশিষ্ট অভিনেতা সব্যসাচী চৌধুরী, অধ্যাপক পার্থসারথী চক্রবর্তী, সমাজকর্মী অনুরাগ মৈত্রী, সোমনাথ বারুই, প্রাবন্ধিক এবং বর্ণিক পত্রিকার সম্পাদক ইউসুফ মোল্লা। কিছু তরুণ-তরুণী এই অনুষ্ঠানের গুরু দায়িত্ব নির্ভুলভাবে পালন করেছেন। তাইতো তাদের ট্যাগ লাইন ছিল, "চেনা মুখের ভিড়েই হোক অচেনাদের স্বপ্নপূরণ"। এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল, আন্তর্জাতিক ও' হেনরি পুরস্কারে ভূষিত কথাসাহিত্যিক অমর মিত্র'কে শ্রদ্ধাজ্ঞাপন ও সংবর্ধনা। এছাড়াও গান, নাচ, বক্তৃতা, সর্বোপরি কবিতাপাঠের মাধ্যমে অনুষ্ঠানটি ছিল একেবারে জমজমাট। তারা একটি নতুন পত্রিকার প্রচ্ছদ প্রকাশও করেন ওই অনুষ্ঠানে। ছ'ছটি নতুন বইও প্রকাশিত হয় এই অনুষ্ঠানে। তারা প্রতি বছর এমন বর্ণাঢ্য অনুষ্ঠান চালিয়ে যাবেন বলে আমাদের জানান।

Comments
Post a Comment